আইফোন হ্যাকিং চেষ্টার অভিযোগ, অ্যাপলকে ভারত সরকারের নোটিশ
অ্যাপল থেকে ভারতের কয়েকজন বিরোধী দলের নেতার ফোনে সম্প্রতি তাদের ফোন সরকারের পক্ষ থেকে হ্যাকিংয়ের চেষ্টা করা হচ্ছে বলে সতর্কবার্তা আসে। এই নিয়ে গত মঙ্গলবার দেশটির রাজনীতিতে সরগরম চলে। অভিযোগকে অস্বীকার করে অ্যাপলকে ভারত সরকারের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে।
দেশটির বিভিন্ন বিরোধী দলের কয়েকজন নেতা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তাদের ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ তোলেন।
অভিযোগের সূত্রপাত ঘটান পশ্চিম বঙ্গের কৃষ্ণনগরের তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে দাবি করেন, মোদি সরকার তার আইফোন হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপল কোম্পানি থেকে তার ফোনে তেমনই একটি সতর্ক বার্তা এসেছে। প্রমাণ হিসেবে তিনি পোস্টের সঙ্গে অ্যাপল থেকে পাওয়া মেসেজের স্ক্রিনশটও দেন।
যেখানে লেখা রয়েছে, ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন...সম্ভবত এসব দেখে হ্যাকাররা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে’।
এরপর একই অভিযোগ এনে একে একে আরও বেশ কয়েকজন নেতা নিজেদের পাওয়া অ্যাপলের সতর্ক বার্তার স্ক্রিন শট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এই নেতাদের মধ্য ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীও রয়েছেন বলে জানায় কলকাতার দৈনিক আনন্দ বাজার। সঙ্গে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর, আম আদমি পার্টি নেতা রাঘব রাড্ডা, শিবসেনা মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সিপিএম সংসদ সদস্য সীতারাম ইয়েচুরি এবং কংগ্রেস নেতা পবন খেরাও একই অভিযোগ তোলেন।
এরই পরিপ্রেক্ষিতে অ্যাপলকে ‘রাষ্ট্র পরিচালিত হ্যাকিং’-এর প্রমাণ দিতে বলেছে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়টির পক্ষ থেকে অ্যাপল কর্তৃপক্ষকে একটি নোটিস দিয়ে বলা হয়েছে, দ্রুত এই বিষয়ে জবাব দিতে।
ওই নোটিসে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত হ্যাকিং নিয়ে যে দাবি অ্যাপল করেছে, তার ভিত্তি কী, সেই বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে। তাছাড়া দূরনিয়ন্ত্রণ ব্যবস্থায় ফোনে থাকা সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে, তার স্বপক্ষেও যুক্তি দিতে বলা হয়েছে অ্যাপল কর্তৃপক্ষকে।
ডিবিটেক/বিএমটি





